বাঁকুড়ায় ফের বিজেপির হাতছাড়া হতে চলেছে একটি গ্রাম পঞ্চায়েত
দি নিউজ লায়নঃ বাঁকুড়ায় বিজেপির ভাঙ্গন অব্যাহত । আর এই ভাঙনের জেরে সারেঙ্গার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের পর এবার বিজেপির হাতছাড়া হতে বসল আরো একটি গ্রাম পঞ্চায়েত । সোমবার দুপুরে বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি থেকে নির্বাচিত দুই সদস্য তৃনমূলে যোগ দেওয়ায় বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েত সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি । ফলে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ।
স্থানীয় সূত্রে জানা গেছে গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে তৃনমূল পায় ৭ টি আসন । বাকি ৮ টি আসন নিজেদের দখলে রেখে ওই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি । বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ধীরে ধীরে বদলাতে থাকে এই পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ । বিজেপি থেকে নির্বাচিত সদস্যদের একটি অংশ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ।
সোমবার বাঁকুড়া শহরের তৃনমূল ভবনে বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য চিন্তামনি ঘোষ ও ফুলমনি হেমব্রম বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেন । দলে নবাগতদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা । বিজেপির দুই নির্বাচিৎ সদস্য তৃনমূলে যোগ দেওয়ায় আপাতত ওই পঞ্চায়েতে বিজেপি র হাতে থাকল ছ’টি আসন ।
অন্যদিকে তৃনমূলের ঝুলিতে রইল ন’টি আসন । তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, আমাদের তরফে ওই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব এনে বিডিও র কাছে আবেদন জমা করা হয়েছে । ওই পঞ্চায়েতটিতে আমাদের বোর্ড গঠন এখন শুধু সময়ের অপেক্ষা । আমাদের বোর্ড আগামীদিনে ওই পঞ্চায়েত এলাকার সামগ্রিক উন্নয়নের দিশারী হবে’ ।

Post a Comment